অপরাধে জড়িতদের কারণে ‘হবিগঞ্জ পৌর এলাকায় আপাতত ভাঙারি ব্যবসা বন্ধ’ সংক্রান্ত পুলিশের মৌখিক নির্দেশনায় সৎ ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন জানিয়ে প্রতীকার চেয়েছে জেলা ভাঙারী ব্যবসায়ী কল্যাণ সমিতি। গতকাল শনিবার রাতে সংবাদপত্রে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা বিষয়টি বিবেচনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান। সমিতির সভাপতি মোঃ বাবুল মিয়া এতে স্বাক্ষর করেছেন। তার দাবি, জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে কিছু অসৎ ভাঙারি ব্যবসায়ী এবং ছিচকে চোরদের কারণে হবিগঞ্জ পৌরসভা এলাকায় ভাঙারি ব্যবসা আপাতত বন্ধ রাখার জন্য মৌখিক নির্দেশনা দিয়েছে পুলিশ। ফলে ব্যাংক থেকে লাখ লাখ টাকা ঋণ নিয়ে বিনিয়োগ করে সততার সাথে ভাঙারি ব্যবসা করা লোকজন মানবেতর জীবন যাপন করছে। পরিবারের ভরণ-পোষন না করতে পারার পাশাপাশি বেকারত্ব সৃষ্টি হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, যদি কোন অসাধু ব্যবসায়ী কিংবা ছিচকে চোর, চুরি করে, তাহলে দেশে প্রচলিত আইন আছে। সে আইন ও বিধি মোতাবেক সেই অসাধু ব্যবসায়ী ও চোরকে পুলিশ প্রশাসনের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসা এবং দোষী ব্যক্তিদের আইনানুগভাবে শাস্তির ব্যবস্থা করা হোক। এ ব্যাপারে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে ভাঙারী ব্যবসা বন্ধ না করার জন্য নজির হিসেবে উচ্চ আদালতে করা একটি রিটের কপিও সংযুক্ত করেছেন তিনি। পাশাপাশি সৎ ও সঠিকভাবে ব্যবসা পরিচালনা করার জন্য প্রশাসনের দিক নির্দেশনা ও সহযোগীতা চেয়েছেন ব্যবসায়ীরা।