মাধবপুর প্রতিনিধি ॥
মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বিজয়নগর গ্রাম (বড়জ্বালা বিজিবি ক্যাম্প) এলাকা থেকে একসঙ্গে চার শিশু নিখোঁজ হওয়ার তিন দিনপর বাড়ি ফিরেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দেবপুর মদিনা মার্কেট এলাকায় তাদের সন্ধান পাওয়ার পর পরিবারের সদস্যরা তাদের নিয়ে বাড়ি ফিরেছেন বলে জানা গেছে। এর আগে তাদের খুজে না পাওয়ায় নিখোঁজ শিশুদের পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়। নিখোঁজ শিশুরা হলো- উজেলার ধর্মঘর ইউনিয়নের বিজয়নগর গ্রামের মনির হোসেনের ছেলে খায়রুল ইসলাম (১১), আবুল কাশেমের ছেলে কুদ্দুস মিয়া (১০), সালেহ আহমেদের ছেলে অনিক মিয়া (১০) এবং রিপন মিয়া (১২)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে চার শিশু নিজ নিজ বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি। নিখোঁজের স্বজনরা জানান, দীর্ঘ সময় ধরে তাদের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সবাই উদ্বেগ-উৎকন্ঠায় পড়েন। তবে বর্তমানে তাদের ফিরে পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে স্বস্থি ফিরেছে।
এ বিষয়ে মাধবপুর থানার ওসি সোহেল রানা জানান, আমি স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জেনেছি তারা গ্রামের একটি মুরগি চুরি করে খেয়ে ফেলেছে। বিষয়টি জানাজানি হলে বিচার হওয়ার ভয়ে তারা হয়তো কোথাও পালিয়ে গিয়েছিল।