আজমিরীগঞ্জে নদীর পাড়ে নিয়ে নারীকে গণধর্ষণের অভিযোগ
তারিখ: ৮-সেপ্টেম্বর-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর পাড়ে নিয়ে এক গৃহবধূ (৪০) গণধর্ষণের শিকার হয়েছে। মুমুর্ষূ অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার রাতে সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়।  
জানা গেছে- ওই নারী রবিবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে একই গ্রামের কয়েকজন লোক তাকে তুলে নিয়ে যায় এবং নদীর পাড়ে নিয়ে গণধর্ষণ করে। স্বামী ও পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে সন্ধান করে। ফজরের আযানের সময় নদীর পাড়ে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এ বিষয়ে ওসি আকবর আলী জানান, বিষয়টি শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। কেউ অভিযোগ দেয়নি। পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের ধরতে সক্রিয় রয়েছে পুলিশ।