সেন্টু আহমেদ জিহান, আজমিরীগঞ্জ ॥
আজমিরীগঞ্জ উপজেলার পিরিজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কক্ষের ফ্লোর ধসে পড়ে পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছেন। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন। গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২টায় ক্লাস চলাকালীন সময়ে এই দূর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, রফিক মিয়ার ছেলে রাহিম বাদশা ও আজিনুর মিয়া, আবু ছালেক মিয়ার ছেলে মো. আব্দুল মান্নান মিয়া ও ছাদেক মিয়ার ছেলে মোজাক্কির মিয়া। তারা সকলেই বিদ্যালয়টির চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে ক্লাস চলাকালীন চতুর্থ শ্রেণির ফ্লোরে হঠাৎ বড় ধরনের ফাটল দেখা দেয়। কিছু বুঝে ওঠার আগেই কক্ষের একাংশেরমাটি সরে গেলে ফ্লোর নিচের দিকে ধসে পড়ে। এতে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে পাঁচজন শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে আহত হন। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাদের যার যার বাড়িতে পাঠানো হয়। দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ ছিল। হঠাৎ করে ফ্লোর ধসে যাবে কেউ মনে করেননি। তবে দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়টি মেরামত করা প্রয়োজন।
বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সবুতর নেছা জানান, দুপুরে ক্লাস চলাকালে হঠাৎ করে কক্ষের ফ্লোর ধসে যায়। এ ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। ঘটনাটির পর থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। আমরা বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করেছি’। আজমিরীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক সরেজমিনে পরিদর্শন করেছি।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, ঘটনার পরপরই আহত শিক্ষার্থীদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এলজিইডি প্রকৌশলী ও শিক্ষা কর্মকর্তাকে সরেজমিনে পাঠানো হয়েছে। তাদের পরিদর্শন প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জেনে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে’।