বাহুবলে বসতঘর থেকে ৩৫ টুকরো আকাশমণি কাঠ জব্দ
তারিখ: ৪-নভেম্বর-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

বাহুবলে বসতঘর থেকে ৩৫ টুকরো আকাশমণি গোল কাঠ জব্দ করেছে বন বিভাগ। মঙ্গলবার (৩ নভেম্বর) গভীর রাতে উপজেলার সাতকাপন ইউনিয়নের পূর্ব রসুলপুর গ্রামের সাইফুল মিয়ার বসতঘরে অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করা হয়। জব্দ করা কাঠের পরিমাণ ৪৮ দশমিক ৮৪ ঘনফুট।
শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ চৌধুরীর নির্দেশে পুটিজুরী বন বিটের কর্মকর্তা মো. মিনহাজুর রহমানসহ বন বিভাগের কর্মীরা রাত সাড়ে ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত এ  অভিযান পরিচালনা করেন। এ সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে সাইফুল মিয়া পালিয়ে যান। 
জব্দ করা কাঠ পুটিজুরী বন বিট কার্যালয়ে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা।