জাকারিয়া চৌধুরী ॥
হবিগঞ্জ ৫৫ বিজিবি'র বিশেষ অভিযানে ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৪শ টাকা মূল্যের কাভার্ড ভ্যানসহ ভারতীয় জিরা, কাভেরী মেহেদীসহ একটি চোরা চালান জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, একটি নির্দিষ্ট কাভার্ড ভ্যানে ভারতীয় অবৈধ মালামাল পরিবহন করা হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি চৌকস আভিযানিক দল অভিযানে নামে। দলটি সীমান্ত থেকে প্রায় ৫ (পাঁচ) কিলোমিটার অভ্যন্তরে জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এবং কৌশলগত অবস্থান নেয়।
এসময় কাভার্ড ভ্যানের চালক বিজিবি'র অভিযানের বিষয়টি বুঝতে পেরে মুক্তিযুদ্ধ চত্বর থেকে ৩০০ মিটার আগে সড়কের পাশে গাড়ি ফেলে আত্মগোপন করে। পরে আভিযানিক দল স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে পরিত্যক্ত কাভার্ড ভ্যানটি তল্লাশি করে। তল্লাশিতে কাভার্ড ভ্যানের ভেতর থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা ও কাভেরী মেহেদী উদ্ধার করা হয়। চোরাচালানে ব্যবহৃত ভ্যানসহ সকল মালামাল জব্দ করা হয়। এ ঘটনায় যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আটককৃত জিরা, মেহেদী ও কাভার্ড ভ্যানটি কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা, মাদকের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সকল ধরনের চোরাচালান দমনে বিজিবি সর্বদা তৎপর। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।