৫ নভেম্বর শুরু হচ্ছে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
তারিখ: ৪-নভেম্বর-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

শিশু-কিশোরদের মাঠমুখী করা, মাদক ও অতিরিক্ত ডিজিটাল আসক্তি থেকে দূরে রাখা এবং তৃণমূল পর্যায়ের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে দেশব্যাপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২)’। এ আয়োজনে ব্যাপক সাড়া পড়েছে হবিগঞ্জে। মঙ্গলবার সকালে হবিগঞ্জ জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ এক প্রেস বিফ্রিংয়ে একথা  জানান।  তিনি বলেন জেলার আটটি উপজেলা থেকে মোট ১৮ হাজার ৬৬৯ জন শিশু-কিশোর  অনলাইনে নিবন্ধন করেছে। এর মধ্যে বালক ১০ হাজার ৫৩৯ এবং বালিকা ৮ হাজার ১৩০ জন।
আগামী ৫ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত উপজেলা ও পৌরসভা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৫ নভেম্বর বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এ ক্রীড়া আয়োজনের উদ্বোধন করবেন। অনুষ্ঠানটি হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। জেলা প্রশাসক আরো বলেন, প্রতিযোগিতায় মোট ১০টি ইভেন্টে বালক ও বালিকারা পৃথকভাবে অংশ নেবে। ইভেন্টগুলো হচ্ছে ফুটবল, টি-টেন ক্রিকেট, কাবাডি, ভলিবল, অ্যাথলেটিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, মার্শাল আর্ট ও দাবা। অ্যাথলেটিক্সে ১০০ মিটার, ২০০ মিটার দৌড় ও দীর্ঘ লাফ এবং মার্শাল আর্টে কারাতে, উশু, তাইকোয়ানডো ও জুডো। চারটি ধাপে উপজেলা, জেলা, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। খেলা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার জন্য প্রতিটি পর্যায়ে দক্ষ ও ফেডারেশন স্বীকৃত রেফারি ও আম্পায়ার নিয়োগ করা হবে।
জেলা প্রশাসক সরফরাজ বলেন- উপজেলাভিত্তিক নিবন্ধনে সবচেয়ে এগিয়ে রয়েছে মাধবপুর। এ উপজেলা থেকে ৫ হাজার ৪১১ জন প্রতিযোগী নিবন্ধন করেছে। এছাড়া চুনারুঘাট থেকে ২ হাজার ৭৮০, নবীগঞ্জ থেকে ২ হাজার ৫৮০, বাহুবল থেকে ১ হাজার ৬৪৩, বানিয়াচং থেকে ১ হাজার ৫৫২ এবং হবিগঞ্জ সদর থেকে ১ হাজার ৪২০ জন নিবন্ধন করেছে। অন্যান্য উপজেলা থেকেও উল্লেখযোগ্যসংখ্যক শিশু-কিশোর প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছে। প্রতিযোগিতায় স্বচ্ছতা নিশ্চিত করতে অংশগ্রহণকারীদের ডিজিটাল জন্মনিবন্ধন সনদ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র এবং ছবিযুক্ত রেজিস্ট্রেশন কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। বয়স জালিয়াতির বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এমন অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিযোগীকে তাৎক্ষণিক বহিষ্কারের বিধান রাখা হয়েছে। এছাড়া প্রতিযোগিতার শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি পর্যায়ে তিন সদস্যের শৃঙ্খলা উপকমিটি দায়িত্ব পালন করবে। বিশৃঙ্খলা কিংবা পাতানো খেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট খেলোয়াড় বা দলকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হবে। খেলোয়াড়দের তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে মাঠে সার্বক্ষণিক মেডিকেল টিম রাখার পরিকল্পনাও রয়েছে। 
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জেলা প্রশাসনের প্রস্তুতি অনুযায়ী, প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে ১০টি ইভেন্টে বাছাই করা ১৭৬ জন খেলোয়াড় নিয়ে দল গঠন করা হবে। তাদের সঙ্গে ৩২ জন কোচ, ম্যানেজার ও দলনেতাসহ মোট ২০৮ সদস্যের দল উপজেলা পর্যায়ের মূল প্রতিযোগিতায় অংশ নেবে। জেলা প্রশাসক বলেন গত  আসরের সাফল্য এবারের আয়োজনকে ঘিরে নতুন আশার সঞ্চার করেছে। অনলাইন নিবন্ধনে ১৮ হাজার ৬৬৯ জনের অংশগ্রহণ প্রমাণ করে হবিগঞ্জে ক্রীড়ার প্রতি শিশু-কিশোরদের আগ্রহ ও সম্ভাবনা ব্যাপক।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণ ও পরিচর্যার সুযোগ তৈরি হবে। পাশাপাশি ক্রীড়াকে পেশা হিসেবে গ্রহণের পথও সুগম হবে। শিশু-কিশোরদের মাঠমুখী করে সুস্থ, সুশৃঙ্খল ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে জেলা প্রশাসন।