স্টাফ রিপোর্টার ॥
তিন দিনের সফরে হবিগঞ্জ এসেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি। আগামী ৫ নভেম্বর পর্যন্ত তিনি হবিগঞ্জ সদর, মাধবপুর ও বাহুবল উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি পরিদর্শন করবেন। আজ বুধবার বিকেল সাড়ে ৩.৩০ টায় তিনি শহরের জেলা শিল্পকলা একাডেমিতে পাঠচক্র : আনন্দ পাঠের আসর ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। এছাড়া
মাধবপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এরপর বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাহুবল উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশ নেয়ার কথা রয়েছে।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান জানান, বুধবার সকালে প্রতিমন্ত্রী মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের এসএম ফয়সাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করবেন। পরে জগদীশপুর চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করবেন তিনি। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এসএম ফয়সাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির বাংলা পাঠদান পর্যবেক্ষণ ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রতিমন্ত্রী। এ সময় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের খাবার বিতরণ ও খাদ্য সংরক্ষণ কার্যক্রমও পর্যবেক্ষণ করবেন তিনি। এ ছাড়া বিদ্যালয়ের মা সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময়, শ্রেণিকক্ষের লাইব্রেরি কার্যক্রম পরিদর্শন এবং ‘বুক ক্যাপ্টেন’দের সঙ্গে কথা বলবেন প্রতিমন্ত্রী। বিদ্যালয়ের বাগান কার্যক্রম ও ‘লিটল এগ্রিকালচারিস্ট ক্লাব’-এর সদস্যদের সঙ্গেও মতবিনিময় করার কথা রয়েছে তার। পরে দুপুর ১২টা ১৫ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত জগদীশপুর চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করবেন ববি হাজ্জাজ। এ সময় শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। বিদ্যালয় পরিদর্শন শেষে হবিগঞ্জ সার্কিট হাউসে ফিরে মধ্যাহ্নভোজের বিরতি নেবেন প্রতিমন্ত্রী। বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত হবিগঞ্জ পিটিআই পরিদর্শনের কর্মসূচি রয়েছে তার। রাতে সার্কিট হাউসে অবস্থান করবেন তিনি।
সফরের শেষ দিন বৃহস্পতিবার সকাল ৮টায় হবিগঞ্জ সার্কিট হাউস থেকে বাহুবল উপজেলার উদ্দেশে রওনা হবেন প্রতিমন্ত্রী। সকাল সাড়ে ৯টা থেকে বাহুবলের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম পরিদর্শন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেয়ার কথা রয়েছে তার।
বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উজ্জ্বল রায় জানান, প্রতিমন্ত্রী বাহুবলে এসে প্রথমে উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। পরে উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করবেন।
সরকারি সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টায় হবিগঞ্জ সার্কিট হাউস থেকে বাহুবলের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রতিমন্ত্রী। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের কার্যক্রম এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।