নতুনব্রীজ যেন অপরাধীদের অভয়ারণ্য নিরাপত্তার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
তারিখ: ৪-নভেম্বর-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

 শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ এলাকায় ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে এক ব্যক্তিকে জোরপূর্বক নামিয়ে নোহা গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একদল সশস্ত্র দুর্বৃত্তের বিরুদ্ধে। গত ১ নভেম্বর গভীর রাতে সিলেট-ঢাকা মহাসড়কের নতুনব্রীজ সংলগ্ন এলাকায় এ  ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে নতুনব্রীজ এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধির প্রতিবাদে এবং অপহৃত যাত্রীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘ইউনিক’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র দুর্বৃত্ত সড়কে ইটের টুকরো ফেলে বাসটির গতিরোধ করে। এ সময় আতঙ্কের সৃষ্টি হলে দুর্বৃত্তরা জোরপূর্বক বাস থেকে এক যাত্রীকে নামিয়ে একটি এক্স-নোহা গাড়িতে তুলে নিয়ে যায়। ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, নতুনব্রীজ এলাকা দীর্ঘদিন ধরে অপরাধপ্রবণ এলাকায় পরিণত হয়েছে। সন্ধ্যার পর থেকে সেখানে ছিনতাই, ডাকাতি ও মাদকের কারবার চলে। এসব অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করা প্রয়োজন। অন্যথায় ভবিষ্যতে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন তাঁরা। এদিকে, এসব অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে এবং অপহৃত যাত্রীকে দ্রুত উদ্ধার, জড়িতদের গ্রেপ্তার ও এলাকায় নিরাপদে চলাচল নিশ্চিত করার দাবিতে শায়েস্তাগঞ্জ গোলচত্বরে এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন মহিবুর রহমান রাসেল, মো. সেলিম মিয়া, রাসেল আহমেদ তরফদার, আব্দুল আজিজ, সাহারাজ মিয়া, মো. ফুরুক মিয়া ও মো. কাছুম আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অপহৃত যাত্রীর দ্রুত উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি নতুনব্রীজ এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।