হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের রতনপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর লাখাই উপজেলার বুল্লা এলাকার বাসিন্দা। তিনি সবরাজ মিয়ার ছেলে। তাঁর পৈতৃক বাড়ি সিলেটে। ছোটবেলায় মা-বাবাকে হারানোর পর থেকে নানার বাড়িতে থেকে তিনি লাখাইয়ে বড় হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, তানভীর শায়েস্তাগঞ্জের একটি কম্পিউটারের দোকানে চাকরি করতেন। একটি নষ্ট কম্পিউটার মেরামতের জন্য মোটরসাইকেলে করে হবিগঞ্জে এসেছিলেন তিনি। কাজ শেষে বাড়ি ফেরার পথে রতনপুর এলাকায় একটি টমটমকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বিরতিহীন পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এদিকে স্থানীয় জনতা এ ঘটনায় সড়ক অবরোধ করে রাখে। এতে ঘণ্টাখানেক রাস্তা বন্ধ থাকার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এতে মোটরসাইকেলের পেছনে বসে থাকা তানভীর ছিটকে বাসের সামনের বাম্পারের ওপর পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি। হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ রায় দুর্ঘটনায় তানভীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।