হবিগঞ্জ সদর উপজেলার ৫নং গোপায়া ইউনিয়নের পূর্ব ভাদৈ গ্রামে জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে নারীসহ ৩জনকে পিটিয়ে আহত, বসতঘরে হামলা, ভাংচুর, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আহত মোছা. আফিয়া আক্তার (৩০) বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় এই মামলা দায়ের করেন।
এদিকে মামলা দায়েরের পর আসামিরা মামলা তুলে নিতে বাদীর ভাই দুবাই প্রবাসী কবির মিয়া ও শামছু মিয়াকে গ্রাণনাশের হুমকি দিচ্ছে আওয়ামীলীগ নেতা মতিউর রহমান ও তার লোকজন। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর শনিবার দুপুর আনুমানিক ১টার দিকে পূর্ব ভাদৈ গ্রামে আফিয়া আক্তারের পিতার বসতঘরে হামলা করে গোপায়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পূর্ব ভাদৈ গ্রামের মতিউর রহমান, আব্দুস শহীদ, আব্দুল হক, সাদিক মিয়া, শফিকুর রহমান সহ তাদের লোকজন।
চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে আব্দুল শহিদের সঙ্গে আফিয়া আক্তার ও তার ছোট বোন সরুফা আক্তারের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুল শহিদের নেতৃত্বে অন্য আসামিরা দেশীয় অস্ত্র, দা, লাঠি, লোহার রড ও পাইপ নিয়ে তাদের বসতঘরে প্রবেশ করে ভাংচুর ও লুটপাট করে। আসামীরা সরুফা আক্তারকে দা দিয়ে মাথায় কোপ দিয়ে গুরুতর আহত করে। তার মাথায় ৬টি সেলাই দিতে হয়েছে। এছাড়া লাঠি ও লোহার পাইপ দিয়ে মারধর করে তাকে শরীরের বিভিন্ন স্থানে আহত করা হয়।
বাদী আফিয়া আক্তার ও তার ভাইয়ের স্ত্রী হিমা আক্তার রিমাকেও মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছে। এ সময় বাদীর গলায় থাকা প্রায় ১ লাখ টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়া হয়।
এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা বসতঘরের আসবাবপত্র ভাংচুর করে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে এবং ঘরের আলমারির ড্রয়ারে রাখা নগদ ১ লাখ ৬০ হাজার টাকা নিয়ে যায়। যাওয়ার সময় তারা প্রাণনাশের হুমকিও দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতরা হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নেয়।
বাদীর অভিযোগ, মামলা দায়েরের পর আসামিরা মামলা তুলে নেয়ার জন্য তার ভাই কবির মিয়া ও শামছু মিয়াকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে বাদী ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ঘটনায় আঃ শহিদ, আব্দুল হক, সাদিক মিয়া, শফিকুর রহমান শফিক ও মতিউর রহমান সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করে হবিগঞ্জ সদর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।
বাদী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, হুমকির বিষয়টি এবং অভিযোগের সুষ্ঠু তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।