স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জ শহরে বিয়ের প্রলোভনে এক তরুণীকে একাধিকবার ধর্ষণ করার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালত, হবিগঞ্জ-এ মামলাটি দায়ের করেন ভূক্তভোগী নিজেই। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশন দিয়েছেন। গত ৩০ সেপ্টেম্বর মামলাটি দায়ের করা হয়। এদিকে- এ ঘটনায় মামলা দায়েরের পর থেকে নিরাপত্তাহীনতায় রয়েছে ওই তরুণীসহ তার পরিবার। এমতবাস্থায় সুষ্ঠ বিচার ও নিরাপত্তা চান তারা। মামলায় যাদের অভিযুক্ত করা হয়েছে তারা হল- হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ পইল শেখ বাড়ির লিচু মিয়ার পুত্র শেখ মুক্তার ওরফে সৌরভ (২২), লিচু মিয়া (৫৮), মিনারা বেগম (৫০), ময়জুল হক (৪৮)।
মামলায় উল্লেখ করা হয়- অভিযুক্ত সৌরভের সঙ্গে তার পরিচয় হয় বেশ কয়েকমাস পুর্বে শহরের পপুলার হসপিটালে। এর পর থেকেই সে নানা কৌশলে ওই তরুণীর উপর কুনজর দিয়ে বিভিন্ন প্রলোভন দিতে থাকে। এক পর্যায়ে সে তাকে প্রেমের প্রস্তাব দেয়। এতে ওই তরুণী রাজি না হওয়ায় তাকে বিয়ের প্রস্তাব দেয় সৌরভ। এরপর তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে ওই তরুণীকে ঘুরতে যাওয়ার কথা বলে নোহা গাড়িতে নিয়ে বানিয়াচং রোডের কালারডুবা এলাকায় নির্জন স্থানে গাড়িতেই তাকে ধর্ষণ করে এবং তার ফোনে ভিডিও ছবি ধারণ করে। এছাড়াও ঘুরতে নিয়ে নানা কৌশলে শ্রীমঙ্গল, কক্সবাজারসহ বিভিন্ন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। সম্প্রতি সৌরভ ইউরোপ চলে যেতে চায় এবং তার সঙ্গে সম্পর্ক আর রাখতে চায় না বলে জানায়। এরপর থেকে সৌরভ ওই তরুণীর সঙ্গে নানা টালবাহানা শুরু করে। বিষয়টি সহ্য করতে না পেরে ওই তরুণী হারপিক পান করে আত্মহত্যার চেষ্টাও চালায়। এমতাবস্থায় সামাজিক কোন বিচার না পেয়ে আদালতের দারস্থ হন ওই তরুণী। তিনিসহ তার পরিবার এই ঘটনার সুষ্ট বিচার দাবী করেন।