-তোফাজ্জল সোহেল
বিপিন চন্দ্র পাল। এই নামটি উচ্চারণের সাথে সাথে মনে ঝড় ওঠে। প্রতিভাসিত হয় সর্বভারতীয় স্তর থেকে আন্তজার্তিক অঙ্গনে ব্রিটিশ বিরোধী তথা সাম্রাজ্যবাদ বিরোধী এক বাগ্মী নেতার প্রতিচ্ছবি। এক বাঙালি সন্তানের অমলিন মুখ। বিশ্বের রাজনৈতিক অঙ্গনে যে ক'জন বাঙালির নাম শ্রদ্ধাভরে উচ্চারিত হয় তার মধ্যে অন্যতম একটি নাম হলো বিপিন চন্দ্র পাল। আমাদের গর্ব এজন্য যে বিশ্ব বরেণ্য এই বাঙালি নেতা জন্মগ্রহণ করেছিলেন হবিগঞ্জ শহর সংলগ্ন পইল গ্রামে।
বৃটিশ শাসিত পরাধীন ভারতবর্ষে যেকজন বাঙ্গালী নেতা বৃটিশ বিরোধী আন্দোলনে অকতোভয় ভূমিকা রেখেছিলেন তাঁদের অন্যতম বিপিন চন্দ্র পাল। তিনি শুধু রাজনীতিবিদ বা তুখোড় বক্তাই ছিলেন না, ছিলেন একাধারে সৃজনশীল লেখক, সাংবাদিক, সাহিত্যিক, সম্পাদক ও সমাজ সংস্কারক। অনলবশী বক্তা হিসেবে তাঁকে ‘বাগ্নী বিপিন চন্দ্র পাল’ বলে অভিহিত করা হয়। সর্বভারতীয় এই নেতা তৎকালীন ভারতবর্ষ থেকে সাম্রাজ্যবাদী ইংরেজদের হটিয়ে স্বাধীনতা লাভের জন্য প্রচন্ড এক গণজাগরণের সৃষ্টি করেন। সে সময় বৃটিশ বিরোধী আন্দোলনের অপর দুই নেতার সাথে তার নাম উচ্চারিত হত। তাঁরা ‘ লাল, বাল , পাল" নামে খ্যাত ছিলেন। লাল অর্থাৎ পাঞ্জাবের লালা লাজপত রায়, মহারাষ্ট্রের বাল গঙ্গাধর তিলক আর বাংলার বিপিন চন্দ্র পাল।
মানুষের মুক্তির আলো ছিনিয়ে আনতে, আপোষহীন রাজনৈতিক কর্মকান্ড, সাহসী লেখনীর জন্য বিপিন চন্দ্র পাল বৃটিশ শাসকের রোষানলের স্বীকার হন বার বার। কারাবরণসহ নানা নির্যাতনে নির্যাতিত হন। কিন্তু কখনোই পিছপা হননি। তাঁর রাজনৈতিক আদর্শ, সাহিত্য রচনা, সাংবাদিকতা এবং তেজস্বী বক্তৃতা ও পান্ডিত্যের জন্য পেয়েছিলেন পরাধীন মানুষের ভালবাসা আর পরিচিত হয়ে উঠেছিলেন বিশ্বের জ্ঞানী-গুণী মনীষী সমাজের কাছে।
হবিগঞ্জ শহর সংলগ্ন পইল গ্রামে ১৮৫৮ সনের ৭ নভেম্বর বিপিন চন্দ্র পল জন্মগ্রহন করেন। বাবার হাতেই বিপিন চন্দ্র পালের লেখাপড়ার হাতেখড়ি। এরপর সিলেট ও কলকাতায় লেখাপড়া করেন এবং পরবর্তীতে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব নিয়ে গবেষণা করেন। বিপিন চন্দ্র পাল ১৮৭৬ সনে বিশিষ্টজনদের নিয়ে শ্রীহট্ট সম্মিলনী প্রতিষ্ঠা করেন। ১৮৮০ সনে তিনি রাজ চন্দ্র চৌধুরীর সহযোগিতায় দি ন্যাশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন। সর্বভারতে এটিই ছিল জাতীয় বিদ্যালয়। একই সাথে বিপিন পালের সম্পাদনায় পরিদর্শক নামে একটি পত্রিকা বের হয়। এই পত্রিকাটি তৎকালীন সময় সামাজিক রাজনৈতিক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শারীরিক অসুস্থতার জন্য কিছু দিনের মধ্যেই তিনি কলকতা চলে যান এবং সেখানে ব্রহ্মানন্দ কেশব চন্দ্র সেনের প্রভাবে পড়ে তিনি ব্রাহ্ম সমাজে যোগ দেন। এজন্য বিপিন পালের পিতা তাঁকে ত্যাজ্য ঘোষণা করেন। ১৮৮২ সনে বিপিন পাল কলকাতার বেঙ্গল পাবলিক ওপিনিয়ন পত্রিকার সহ- সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। এটি বন্ধ হয়ে গেলে পরবর্তীতে তিনি লাহোরে ট্রিবিউন পত্রিকার দায়িত্ব গ্রহণ করেন। বছরখানেক লাহোরে থেকে পুণরায় কলকাতা ফিরে এসে কলকাতা পাবলিক লাইব্রেরী’র গ্রন্থাগরীক নিযুক্ত হন। তারপর ইউনিটেরিয়ান সোসাইটির ভিত্তি নিয়ে ইংল্যান্ড যান, সেখান থেকে আমেরিকা-ফ্রান্স হয়ে কর্মস্থল কলকাতা ফিরে আসেন। রাজনৈতিক জীবনে বিপিন পাল কংগ্রেসের সাথে জড়িত ছিলেন এবং সর্বভারতীয় কংগ্রেসের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ১৯০৫ সনে বঙ্গভঙ্গ প্রতিরোধ আন্দোলনে মতানৈক্যের কারণে ১৯০৫-০৬ সনে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। এসময় তিনি নিউ ইন্ডিয়া নামক একটি সাপ্তাহিক পত্রিকা বের করে ভারতের স্বায়ত্বশাসন দাবির প্রেক্ষিতে প্রচার শুরু করেন। ১৯০৬ সনে তিনি কলকাতা থেকে শ্রীহট্টে এসে সুরমা উপত্যাকার রাষ্ট্রীয় সম্মেলনে প্রথম অধিবেশনে যোগ দেন। এসময় বন্দে মাতরম পত্রিকাটি প্রকাশিত হয়। তিনি পত্রিকায় প্রবন্ধ লিখে বৃটিশ বণিক নীতি সমালোচনা করতেন। পরবর্তীতে বন্দে মাতরম পত্রিকার বিরুদ্ধে সাক্ষ্য দিতে অস্বীকার করায় বিপিন পাল ছয় মাসের কারাদন্ড ভোগ করেন। ১৯০৮ সনে সুরমা উপত্যাকায় ২য় সম্মেলনে বিপিন পাল বিশেষ বক্তা হিসেবে যোগ দেন। একই বছর তিনি লন্ডন যান এবং স্বরাজ নামে একটি পত্রিকা বের করেন। স্বরাজে প্রকাশিত প্রবন্ধের জন্য তিনি রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে অভিযুক্ত হন। তিন বছর পর তিনি দেশে ফিরে আসেন এবং ১৯১২ সনে হিন্দু রিভিউ নামক একটি মাসিক পত্রিকা বের করেন। এছাড়াও তিনি সোনার বাংলা পত্রিকার সম্পাদক ছিলেন। মহাত্মা গান্ধীর কংগ্রেসে যোগদানের পূর্ব পর্যন্ত বিপিন চন্দ্র পাল কংগ্রেসের অন্যতম নেতৃত্বে ছিলেন। পরবর্তীতে অসহযোগ আন্দোলনে গান্ধীর সাথে মতানৈক্যের কারণে বিপিন পাল রাজনীতি থেকে সরে দাঁড়ান। পন্ডিত মতিলাল নেহেরু বিপিন পালের গুণমুগ্ধ ছিলেন। বিপিন পালের জীবন পরিক্রমার অসংখ্য ঘটনার মধ্যে আরও একটি উল্লেখযোগ্য ঘটনা হল- তাঁর এক সঙ্গীসহ বিধবা বিয়ে করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। এছাড়াও বিপিন পাল রেখে গেছেন বিরাট সাহিত্য-সম্ভার। তাঁর প্রায় ৩০টি গ্রন্থ বাংলা ও ইংরেজিতে প্রকাশিত হয়েছে।
১৯৩২ সনের ২০ মে বিপিন চন্দ্র পাল মৃত্যুবরণ করেন। মহান এ নেতাকে শ্রদ্ধা জানাতে ভারতের জাতীয় আন্দোলনের নেতা পরবর্তীতে ভারতের স্বনামধন্য প্রধানমন্ত্রী পন্ডিত জহরলাল নেহেরু ১৯৩৭ সনে হবিগঞ্জের পইল গ্রামে আসেন বিপিন পালের জন্মস্থান দর্শনের জন্য। সেখানে তিনি আবেগ আপ্লুত হন এবং এই মহান নেতার জন্মস্থান থেকে একমুঠো মাটি তার পাঞ্জাবীর পকেটে করে নিয়ে যান।
বিপিন চন্দ্র পাল সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে যা কিছু বলা হল তার বাইরে রয়েছে বিস্তৃত ইতিহাস। আসলে এমন মেধা এবং বহুমাত্রিক প্রতিভার অধিকারী বিপিন চন্দ্র পাল সম্পর্কে যথার্থ মূল্যায়ন হয়নি আজো। কেন জানি আমরা এদের যথাযথ শ্রদ্ধা জানাতে কুণ্ঠাবোধ করি। তবে একথা বলা যায় যে, সবকিছু ছাপিয়ে একজন মানবিক বিপিন চন্দ্র পাল চির জাগরুক থাকেন চিরকাল।
পরিবেশ ও সংস্কৃতিকর্মী।