বানিয়াচংয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে সবুজ, গ্রেফতারের দাবি এলাকাবাসীর
তারিখ: ১৬-অক্টোবর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

বানিয়াচং উপজেলা যুবলীগ নেতা সবুজ মিয়া আবারও আলোচনায়। স্থানীয়দের অভিযোগ, বানিয়াচং উপজেলার পশ্চিমপাড় এলাকার আব্দুর রহমানের ছেলে যুবলীগ নেতা সবুজ আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের ছত্রচ্ছায়ায় এলাকায় আধিপত্য বিস্তার করে বহু মানুষকে হয়রানি, মারধর ও চাঁদাবাজি, দখলবাজি করতেন।
অভিযোগ রয়েছে, সবুজ মিয়া দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের ওপর প্রভাব খাটিয়ে অন্যায়ভাবে বিভিন্ন ব্যক্তিকে মিথ্যা মামলায় জড়িয়েছেন এবং ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করেছেন। বিগত ১৬ বছর আওয়ামী লীগের শাসন আমলে বিভিন্ন অপকর্মে লিপ্ত হন সবুজ। তবে সংসদ সদস্যের ঘনিষ্ঠ হওয়ায় প্রশাসনের লোকজন সবুজের অপরাধের ব্যাপারে মুখ খোলেনি।
গত ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পরও সবুজের প্রভাব কমেনি বলে অভিযোগ উঠেছে। তিনি এখনও প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং পুরনো প্রভাব খাটানোর চেষ্টা করছেন। এতে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে মানুষের ওপর অত্যাচার চালানো এই যুবলীগ নেতাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।
স্থানীয় সচেতন মহল বলছেন, প্রশাসন চাইলে সহজেই সবুজ মিয়াকে গ্রেফতার করা সম্ভব। তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।