মাধবপুরে গরু চুরির খেসারত
তারিখ: ৬-নভেম্বর-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

 মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামে চোরের বাড়িতে অভিযান চালিয়েছেন গ্রামবাসী। এ সময় অতিষ্ঠ গ্রামবাসী চার ব্যক্তির বাড়িতে হামলা, ভাংচুর ও আসবাবপত্রে অগ্নিসংযোগ করেছেন।  বাড়িগুলো থেকে দেশীয় অস্ত্রসহ চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ উঠেছে, চোরেরা মানুষের বাড়িতে প্রবেশ করে গরুসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে আসছিল। শুধু তাই নয়, চুরির করার সুবাধে চোরেরা নারীদের ধর্ষণ করতো বলে অভিযোগ উঠেছে। 
স্থানীয়রা জানান, স্থানীয় কৃষ্ণপদ সরকারের একটি গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় ইউপি সদস্য আবিদ মিয়াসহ গ্রামের লোকজন গত বুধবার কয়েকজন চোরের বাড়িতে অভিযান চালান। এ সময় উত্তেজতি জনতা বাড়িঘরে ভাঙচুর করেন এবং ঘরের আসবাবপত্র বাইরে এনে আগুনে পুড়িয়ে দেন। 
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পিয়াইম গ্রামের আব্দুল হাসিমের ছেলে উজ্জ্বল মিয়া (২৮), মৃত উসমান মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩০), মৃত সক্কদর মিয়ার ছেলে সামছু মিয়া (২৬) এবং মৃত লাল মিয়ার ছেলে সাজু মিয়া (৩০) দীর্ঘদিন ধরে চুরি-ডাকাতির সঙ্গে জড়িত। শুধু পিয়াইম গ্রাম নয়, আশপাশের বিভিন্ন গ্রামেও তারা চুরি-ডাকাতি করেন বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগও করেছেন স্থানীয়রা। এ ছাড়া চুরি-ডাকাতি করতে গিয়ে বিভিন্ন বাড়ির নারীদের ধর্ষণের অভিযোগও তুলেছেন গ্রামবাসী। তবে সামাজিক সম্মানহানির আশঙ্কায় ভুক্তভোগীরা প্রকাশ্যে অভিযোগ করেননি বলে দাবি তাদের।
স্থানীয়দের দাবী, এসব অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে দীর্ঘদিন ধরে গ্রামের মানুষ আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। অভিযুক্ত ব্যক্তিরা পুলিশের নজর এড়িয়ে রাতের বেলায় বিভিন্ন অপরাধ সংঘটিত করতেন। পুলিশ একাধিকবার তাঁদের ধরতে অভিযান চালালেও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি বলে দাবি গ্রামবাসীর।
পিয়াইম গ্রামের মুতি মিয়া ও জামাল মিয়া জানান, অভিযুক্তদের বাড়ি থেকে দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল, চাপাতিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও প্রকাশ্যে চলাফেরা করেন এবং রাতে চুরি-ডাকাতিতে জড়িত থাকেন বলে অভিযোগ করেন তারা।
মাধবপুর থানার ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আশীষ কুমার বলেন, অভিযুক্ত ব্যক্তিরা এলাকার চিহ্নিত অপরাধী। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁদের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে বৃহস্পতিবার সকালে গ্রামবাসী বাড়ির বিভিন্ন মালামাল পুড়িয়ে দিয়েছেন।