লাখাই উপজেলায় হাম, ডায়রিয়া ও নিউমোনিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়েছে। রোগীর চাপ বাড়ায় ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও দেখা দিয়েছে তীব্র বেড সংকট। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, নির্ধারিত শয্যার তুলনায় অনেক বেশি রোগী ভর্তি থাকায় গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬০ জনের বেশি। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু হাম, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত।
চিকিৎসকদের তথ্য অনুযায়ী, শিশুদের মধ্যে হাম রোগের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। পাশাপাশি অতিরিক্ত গরম ও আবহাওয়ার পরিবর্তনের কারণে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন নারী, পুরুষ ও শিশুরা। স্থানীয়দের অভিযোগ, উপজেলার কিছু গ্রামের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা দুর্বল হওয়ায় অনেক রোগীকে হবিগঞ্জ সদর কিংবা পাশের উপজেলায় গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম বর্তমানে উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়ছে। হাম-রুবেলা টিকাদান কার্যক্রম চালানো হলেও এখনও অনেক শিশু টিকার বাইরে রয়ে গেছে। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, অভিভাবকদের অসচেতনতার কারণেও সংক্রমণ বাড়ছে। চিকিৎসকদের ভাষ্য, হাম একটি ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে দ্রুত অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে। তাই শিশুদের টিকা নিশ্চিত করা, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং আক্রান্তদের আলাদা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সীমিত শয্যা ও বাড়তি রোগীর চাপের মধ্যেও যথাসাধ্য চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তবে বর্তমান পরিস্থিতিতে বেড সংকট দ্রুত সমাধান করা কঠিন হয়ে পড়েছে।