মাধবপুরে ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মৃত্যু
তারিখ: ১৯-মে-২০২৬
মাধবপুর প্রতিনিধি ॥

মাধবপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী ঘটনাস্থলেই মারা গেছেন। সোমবার (১৮ মে) বিকেল ৪টার দিকে মাধবপুর উপজেলার কাশিমনগর সমজিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অজ্ঞাত নারীর বয়স আনুমানিক ৫০ বছর। পুলিশ সূত্রে জানা যায়- সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস সমজিদপুর এলাকা পাড়ি দেওয়ার সময় নারীটি ট্রেনের নিচে কাটা পড়েন। তাৎক্ষণিক ওই নারীর পরিচয় জানা যায়নি। খবর পেয়ে কাশিমনগর ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেল লাইন থেকে মরদেহ উদ্ধার করে। 
কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মিজান জানান- বিষয়টি শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে। রেলওয়ে পুলিশের উপস্থিতিতে সুরতহাল রিপোর্ট তৈরি করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে পরিচয় শনাক্তের জন্য পিবিআইয়ের সহায়তা নেওয়া হবে বলে তিনি জানান।