চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ছয়শ্রী ও ঘনশ্যামপুর (সাতারলেন) এলাকায় ১ সপ্তাহের ব্যবধানে ৪টি বাড়িতে চুরির অভিযোগ উঠেছে। এতে মনিপুরী সম্প্রদায়ের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার গভীর রাতে উপজেলার ছয়শ্রী মনিপুরী পাড়ায় হবিগঞ্জ জজ কোর্টের পেশকার তপন কুমার সিংহ, তার ছোট ভাই শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান হোটেলের কর্মরত রিপন কুমার সিংহ ও সন্তোষ কুমার সিংহসহ তিনটি ঘরে চুরি সংঘটিত হয়। এছাড়াও গত বৃহস্পতিবার গভীর রাতে ঘনশ্যামপুর (সাতারলেন) গ্রামের পুলিশের এসআই হীরক সিংহ এর বাড়ীতেও চোরেরা হানা দেয়। এ সময় চোরের দল বয়স্ক তার পিতা (অবসরপ্রাপ্ত) বিজিবি সদস্য ধীরেন্দ্র সিংহকে মারধর করে।
ছয়শ্রী গ্রামের সন্তোষ কুমার সিংহ বলেন, আমার ঘর থেকে ২টি মোবাইল ও ঘরের বড় একটি ট্যাং চোরেরা নিয়ে যায়। সকালে আমরা খালি ট্যাং পাশের্^ ক্ষেতে পেয়ে ঘরে নিয়ে আসি’। এ দিকে চুরির ঘটনাটি এলাকায় জানাজানি হলে মনিপুরী সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।