স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ এক হাজার পাঁচশত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ। গতকাল রবিবার দুপুরে সুলতানশী সাহেব বাড়ি মাঠে এই ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে হুইপ আলহাজ্ব জি কে গউছ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ একটি মানুষও যাতে সরকারি ও মানবিক সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। মানুষের বিপদে পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য।
তিনি আরও বলেন, দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি মানবিক ও নৈতিক কর্তব্য। বন্যার্ত মানুষের ঘরবাড়ি, ফসল ও জীবন-জীবিকার যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার ব্যবস্থা করা হবে।
হুইপ জি কে গউছ বলেন, আমি হবিগঞ্জের মানুষের প্রতিনিধি। সুখে-দুঃখে, বিপদে-আপদে জনগণের পাশে থাকাই আমার অঙ্গীকার। বন্যার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছি এবং ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু করেছি। ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে। তিনি প্রশাসন ও সংশ্লিষ্টদের বন্যাকবলিত মানুষের সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখার আহ্বান জানান।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রাশেদ মাইল আল যাবি, বাংলাদেশ এডুকেশন টেকনোলজিস্ট সোসাইটির চেয়ারম্যান মোঃ এনামুল হক খন্দকার, হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, পুলিশ সুপার তারেক মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর মোঃ আব্দুল্লাহ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাজী এনামুল হক, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম মতিন, জেলা যুবদলের আহবায়ক জালাল আহমেদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতবৃন্দ।