জাকারিয়া চৌধুরী ॥
হবিগঞ্জ শহরে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে ব্রাজিল। বিজয়ী দলের জন্য ট্রফি হিসেবে রাখা হয়েছিল একটি ছাগল। গতকাল শনিবার বিকেলে জেলা সদরের শায়েস্তানগর এলাকার তরুণদের উদ্যোগে শায়েস্তানগর ক্রিড়াচক্রের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ৮০ মিনিটের ম্যাচের প্রথমার্ধের শেষ মিনিটে আর্জেন্টিনা সমর্থক দলের গোলরক্ষকের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ব্রাজিল সমর্থক দল।
খেলা শুরুর আগে শায়েস্তানগর এলাকার ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকেরা ছাগল নিয়ে শোডাউন করে মাঠে প্রবেশ করেন। এদিন বিকেলে শহরের শায়েস্তানগর এলাকায় ঢাকঢোল বাজিয়ে এবং উৎসবমুখর পরিবেশে ম্যাচটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ম্যাচ পরিচালনা করেন জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য সাম্মন পারভেজ। আর্জেন্টিনা দলের হয়ে সাংবাদিক নূরুল হক কবিরসহ ১১ জন খেলোয়াড় অংশ নেন। তাদের ভাষ্য, প্রীতি ম্যাচে টানটান উত্তেজনা থাকলেও কোনো প্রতিহিংসা ছিল না। খেলা শেষে উভয় দলের খেলোয়াড় ও সমর্থকেরা একসঙ্গে মিলিত হয়ে আনন্দ উদযাপন করেন।