হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের বাগনীপাড়া গ্রামে স্কুলছাত্রীকে বেধে মারপিট করেছে দূর্বৃত্তরা। এ সময় ওই স্কুল ছাত্রীর কাছ থেকে দূর্বৃত্তরা নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। আহত অবস্থায় ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার বিকাল ৩ টায় এ ঘটনা ঘটে।
এদিকে, বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। দিন দুপুরে এমন ঘটনা গ্রামবাসীরা মেনে নিতে পারছেন না। অনেকেই বলছেন, ‘প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য এ নাটক সাজানো হয়েছে’। আবার কেউ কেউ বলছেন, ‘প্রেম সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এ রকম হতে পারে। তবে পুলিশ বলছে বিষয়টি রহস্যজনক এবং মূল রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলছে।
স্থানীয় সূত্র জানায়, গত শনিবার সকালে ওই গ্রামের চা পাতা ব্যবসায়ী টেনু মিয়া বাড়িতে কিশোরী কন্যাকে একা রেখে তার স্ত্রী রাবেয়া খাতুনকে নিয়ে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে শশুর বাড়িতে বেড়াতে যান। এ সুযোগে ওই দিন বিকেল ৩টায় একদল দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে ওই কিশোরীকে বেধড়ক মারপিট করে এবং তার হাত, পা ও মুখ বেধে নগদ টাকা নিয়ে চলে যায় বলে সে জানায়। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। এদিকে, বিষয়টি সদর মডেল থানা পুলিশকে অবহিত করা হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী হাসপাতালে গিয়ে ওই ছাত্রীর জবানবন্দি গ্রহণ করেন।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি সরেজমিনে পুলিশ তদন্ত করেছে। প্রাথমিক অবস্থায় কোনো ছিনতাই বা চুরির আলামত পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে মূল রহস্য উদঘাটন করা হবে।