শায়েস্তাগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
তারিখ: ২৫-জানুয়ারী-২০২১
স্টাফ রিপোর্টার ॥

শায়েস্তাগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিপন মিয়া (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে শায়েস্তাগঞ্জ পৌরসভা এলাকার দাউদনগর গ্রামের আয়েজ আলীর পুত্র। বিষয়টি নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। শিপনের দাবি এক বছর ধরে ওই ছাত্রীর সাথে তার প্রেমের সম্পর্ক চলে আসছে। পাশাপাশি বাড়ি হওয়ায় প্রায়ই সুযোগ বুঝে দুজন দেখা করতো এবং মেলামেশা করতো। বিষয়টি আঁচ করতে পেরে ওই ছাত্রীর মা রুপা বেগম তাদের সম্পর্কে বাধা দেন। ফলে গত ৫ জানুয়ারি তারা অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। এক পর্যায়ে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু তাদের দুই পরিবার বিয়ে মেনে নেয়নি। ফলে তাদের সম্পর্কের অবসান ঘটে।

গত ৭ জানুয়ারি ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ এনে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করেন তার মা রূপা বেগম। মামলাটি বিচারক আমলে নিয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসিকে রুজুর নির্দেশ দেন। ওসি মামলা রুজু করে ২৩ জানুয়ারি রাতে শিপনকে তার বাড়ি থেকে আটক করে। পরে গতকাল রবিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন। এ ঘটনা নিয়ে এলাকায় রসালো আলোচনার ঝড় বইছে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আদালতের নির্দেশনা পেয়ে আসামী শিপন মিয়াকে গ্রেফতার করে জেল হাজাতে পাঠিয়েছি’।

প্রথম পাতা