জেলা ছাত্রদল নেতাসহ আটক ২ ॥ চুনারুঘাটে পুলিশের বাঁধায় বিএনপির কাউন্সিল পন্ড ॥ লাঠি চার্জে আহত ১৫
তারিখ: ২৫-জানুয়ারী-২০২১
জাকারিয়া চৌধুরী ॥

*ওসি বললেন, অনুমতি না নিয়ে কাউন্সিল এবং উস্কানিমূলক বক্তব্য দেয়ায় পুলিশের উপর হামলা করে বিএনপির নেতাকর্মীরা * জিকে গউছ বললেন, শান্তিপূর্ণ কাউন্সিলে পুলিশ বিনা কারণে লাঠিচার্জ করে আহত করে বিএনপির নেতাকর্মীদের

চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়ন বিএনপির কাউন্সিল বাঁধা দিয়ে পন্ড করে দিয়েছে পুলিশ। রোববার দুপুরে গাতাবলা বাজারে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন তালুকদার ও মিরাশী ইউনিয়ন বিএনপি নেতা মাসুক মিয়া কে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মিরাশি ইউনিয়ন বিএনপির কাউন্সিলের আয়োজন করা হয় গাতাবলা বাজারে। এক পর্যায়ে পুলিশ সেখানে হাজির হয়ে কাউন্সিলের অনুমতি নেই বলে নেতাকর্মীদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। পরে পুলিশ কাউন্সিলটি পন্ড করে দেয়। তবে এ ঘটনায় নিয়ে বিএনপি নেতাকর্মী  ও পুলিশের পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।

কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ¦ জি কে গউছ বলেন, দেশে গণতান্ত্রিক সরকার থাকলে আমাদেরকে গণতন্ত্র চর্চা করার কথা। আমরা শান্তিপূর্ণ ভাবে কাউন্সিল করছিলাম। এসময় পুলিশ এসে আমাদেরকে বাজারে রাস্তার উপর অনুমতি ছাড়া কাউন্সিল করা যাবে না বললে আমরা পাশর্^বর্তী কোন বাড়িতে ভোট সম্পন্ন করার কথা বলি। এতে পুলিশও সম্মতি দেয়। যাওয়ার পথে কয়েকজন নেতাকর্মী শ্লোগান দিলে পুলিশ ক্ষিপ্ত হয়ে বিএনপির নেতাকর্মীদের উপর লাটিচার্জ করে। এতে প্রায় ১৫ জন নেতাকর্মী আহত হয়। পরবর্তীতে কাউন্সিল স্থগিত করা হয়েছে। 

চুনারুঘাট থানার (ওসি) আলী আশরাফ জানান, প্রশাসনের অনুমতি ছাড়াই কাউন্সিলের আয়োজন করা হয় গাতাবলা বাজারে। এসময় তারা বাজারের রাস্তার উপর প্যান্ডেল নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে পুলিশ প্রশাসনের অনুমতি সাপেক্ষে কাউন্সিল করার জন্য অনুরোধ করা হয়। এর বেশ কিছুক্ষণ পর কাউন্সিলে উস্কানিমূলক বক্তব্য দেয়া হয়। এরই প্রেক্ষিতে বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর হামলা করে। এতে ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। আহত অবস্থায় এএসআই আওলাদ হোসেন, এএসআই উত্তম কুমার গভ ও কনস্টেবল আদিল হোসেনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়াও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন তালুকদার ও মাসুক মিয়া নামে দুই জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রথম পাতা