স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল সুধীর চন্দ্র দেব (৫০) নামে এক স্কুল শিক্ষকের। রোববার রাত ৮ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের নতুন ব্রীজ এলাকায় একটি প্রাইভেটকারের ধাক্কায় তিনি প্রাণ হারান। নিহত সুধীর চন্দ্র দেব লাখাই উপজেলার করাব ইউনিয়নের ফুলতলি গ্রামের বাসিন্দা এবং বাহুবল উপজেলার মানবকল্যান উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মঈনুল ইসলাম জানান, সুধীর চন্দ্র দেব নামে ওই শিক্ষক নতুন ব্রীজ এলাকার পাশর্^বর্তী গংগানগর গ্রামে তার আত্মীয় ধীরেন্দ্র দেবের বাড়িতে বেড়াতে আসেন। সন্ধ্যার পর তিনি বাজারে কেনাকাটার জন্য নতুন ব্রীজ এলাকায় যান। এসময় সিলেটগামী একটি দ্রুতগামী পাইভেটকার ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। ওসি আরো জানান, প্রচন্ড ঘন কুয়াশার কারণেই এ দূর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। প্রাইভেটকারটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।