চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়ন বিএনপির সম্মেলনে পুলিশ ও বিএনপির মুখোমুখি অবস্থান ও নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন- বিএনপিসহ বিরোধী দলের যে কোন শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও নেতাকর্মীদেরকে আহত করাসহ গ্রেফতারের মাধ্যমে হেনস্তা করার সর্বগ্রাসী অভিযান এখন আরও প্রকট আকার ধারণ করেছে। বিএনপির কোন কর্মসূচি দেখলেই সরকার আতঙ্কিত হয়ে পুলিশ দিয়ে তা দমনের চেষ্টা করে। বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট মামলা দিয়ে গ্রেফতার ও জুলুমের মাধ্যমে দেশে এখন ফ্যাসিবাদী দুঃশাসন চলমান রাখা হয়েছে। আইন শৃংখলা বাহিনী দিয়ে নেতাকর্মীদের ওপর হামলা, মামলা এবং গ্রেফতার নিয়মে পরিণত করার মাধ্যমে দেশে আইনের শাসনের মূলোৎপাটন করা হয়েছে। চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়ন বিএনপি সম্মেলনে পুলিশের ব্যাপক লাটিচার্জ এবং সম্মেলন থেকে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন তালুকদার ও ইউনিয়ন বিএনপি নেতা মাসুক সরকারসহ ৩ জনকে গ্রেফতার করে। এ ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির জোর দাবী করছি।