শায়েস্তানগরে দূর্বৃত্তদের আগুনে পুড়ল রেড রোজ স্ন্যাকস এন্ড রেস্টুরেন্ট
তারিখ: ৯-সেপ্টেম্বর-২০২২
স্টাফ রিপোর্টার ॥


হবিগঞ্জ শহরে ভোররাতে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে জনপ্রিয় রেড রোজ স্ন্যাকস এন্ড রেস্টুরেন্ট। গতকাল বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ভোর রাত ৪ টায় এ অগ্নিকাণ্ড ঘটে, এতে রেস্টুরেন্টটি পুরোপুরি পুড়ে যায় । 
রেস্টুরেন্টের স্বত্ত্বাধিকারী রিজওয়ান উদ্দিন আহমেদ জানান, প্রতিদিনের মত গতকাল রাত ১১ টার দিকে তিনি রেস্টুরেন্টটি বন্ধ করে বাসায় চলে যান। ভোর ৫ টায় তিনি জানতে পান রেস্টুরেন্টে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তিনি ঘটনাস্থলে পৌছার আগেই রেস্টুরেন্ট পুড়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ করে। রিজওয়ান বলেন, শত্রুতা বশত একটি কুচক্রি মহল আমার রেস্টুরেন্টে আগুন ধরিয়ে দেয়। এতে রেস্টুরেন্টে থাকা সকল ধরণের মালামাল পুড়ে গেছে। এখন আমি নিঃস্ব হয়ে গেছি। 
ফায়ার সার্ভিস কর্মীরা জানান, আগুনে রেস্টুরেন্টটি পুড়ে লক্ষ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, দূর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পূর্ব শত্রুতার জের ধরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

প্রথম পাতা