স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জ শহরের আমির চাঁন কমপ্লেক্সের নিচে জনতা ব্যাংকের গাড়ি চাপায় স্কুল ছাত্রী নিহত হয়েছে। স্থানীয় লোকজন জনতা ব্যাংক পিএলসি হবিগঞ্জ শাখার গাড়িসহ চালক আব্দুল জলিলকে আটক করে থানায় সোপর্দ করেছে। এদিকে রাতে থানায় জনতা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ছাড়িয়ে নিতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। কিন্তু পুলিশ তাকে ছাড়েনি।
জানা যায়, নিহত নিহা আক্তার (৫) সদর উপজেলার পইল গ্রামের আয়াত আলীর একমাত্র কন্যা। তার মা ময়না আক্তার দীর্ঘদিন ধরে আমির চাঁন কমপ্লেক্সে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করছিলেন। তিনি আক্ষেপ করে জানান, তার মেয়ে প্রতিদিনকার মতো আন্ডার গ্রাউন্ডের সামনে বসেছিলো। মঙ্গলবার বিকাল ৫টায় যশেরআব্দা এলাকার আলাই মিয়ার পুত্র গাড়ি চালক জলিল ব্যাংকের হাইয়েস গাড়ি (ঢাকা মেট্রে-চ-৫৬৫৮১৯) দ্রুতগতিতে চালিয়ে আন্ডার গ্রাউন্ডে প্রবেশ করার সময় নিহাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লোকজন লাশ উদ্ধার করে সদর হাসপাতাল নিয়ে আসে এবং জলিলকে গাড়িসহ থানায় সোপর্দ করে। সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করে। এ রিপোর্ট লেখাকালে জলিলকে ছাড়িয়ে নিতে ব্যাংকের কর্মচারী-কর্মকর্তারা রফাদফার চেষ্টা করছেন। নিহা একটি কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণির ছাত্রী। ওসি জাহিদুল হক জানান, গাড়িসহ চালক থানায় আটক আছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।