আজমিরীগঞ্জে রাস্তা ছাড়াই কমিউনিটি ক্লিনিক ॥ ভোগান্তিতে রোগীরা
তারিখ: ১৪-অক্টোবর-২০২৬
আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥

 আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের পাটুলীপাড়া গ্রামে অবস্থিত একটি কমিউনিটি ক্লিনিকে যাতায়াতের জন্য নেই কোনো নির্ধারিত রাস্তা। ফলে চিকিৎসাসেবা নিতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে রোগী, বৃদ্ধ ও গর্ভবতী নারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে বেশি। খোঁজ নিয়ে জানা উপজেলার জলসুখা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাটুলীপাড়া গ্রামে অবস্থিত কমিউনিটি ক্লিনিকটিতে যেতে হয় রাজীব গোপ ও গোপেশ গোপের বাড়ির যায়, ওপর দিয়ে। ক্লিনিকের পাশেই রয়েছে একটি খাল। ফলে বিকল্প কোনো পথে যাতায়াতের সুযোগ নেই। বাড়ির মালিকেরা মাঝেমধ্যে চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ায় বিপাকে পড়েন সেবাগ্রহীতারা। বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও বেড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষিতীন্দ্র গোপ ক্লিনিক নির্মাণের জন্য জমি দান করেন। পরে সেখানে সরকারি উদ্যোগে কমিউনিটি ক্লিনিক নির্মিত হয়। তবে ক্লিনিকে যাতায়াতের জন্য আলাদা রাস্তার ব্যবস্থা না রেখেই অবশিষ্ট জমি রাজীব গোপ ও গোপেশ গোপের কাছে বিক্রি করে দেওয়া হয় বলে স্থানীয়রা জানান। এরপর থেকেই ক্লিনিকে যাতায়াতের ক্ষেত্রে এ সমস্যা তৈরি হয়েছে। এলাকাবাসী জানান, অন্যের বাড়ির ওপর দিয়ে চলাচল করে ক্লিনিকে যেতে হয়। এতে স্বাভাবিক সময়ে ভোগান্তি পোহাতে হয়, আর বর্ষাকালে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীদের ক্লিনিকে নেওয়া কিংবা বয়স্ক ও গর্ভবতী নারীদের সেবা নিতে আসা-যাওয়াও কষ্টসাধ্য হয়ে ওঠে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও চেয়ারম্যান, মেম্বারসহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জনস্বার্থে দ্রুত কমিউনিটি ক্লিনিকে যাতায়াতের জন্য একটি সরকারি রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন জানান, কমিউনিটি ক্লিনিকে যাতায়াতের রাস্তা নির্মাণে স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগ নেওয়া প্রয়োজন। ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য। বিষয়টি প্রতি মাসের সভায় আলোচনা করা হয় এবং এ নিয়ে রেজুলেশনও করা হয়েছে। তিনি আরও বলেন, খুব শিগগিরই বিষয়টি নিয়ে আলোচনা করে সংসদ সদস্যকে অবহিত করা হবে।