স্টাফ রিপোর্টার ॥
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় ভৈরব হাইওয়ে থানায় কর্মরত পারভেজ মিয়া নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামের বাসিন্দা। গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, একটি সিএনজিচালিত অটোরিকশার দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানে রওয়ানা দেয় ভৈরব হাইওয়ে পুলিশের একটি দল। পথে দাড়িয়াকান্দি এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানটির একটি চাকায় বাতাস কম থাকায় পুলিশ সদস্য চালক পারভেজ সেটি মহাসড়কের পাশে থামান। এ সময় পেছন থেকে আসা ধানের খোসাবোঝাই একটি ট্রাক অপর একটি সিএনজিচালিত অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের পিকআপ ভ্যানের ওপর উল্টে পড়ে। এতে পিকআপের ভেতরে থাকা চালক পুলিশ সদস্য পারভেজ মিয়া চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে স্থানীয় বাসিন্দা ও পুলিশের সদস্যদের সহায়তায় উদ্ধার অভিযান চালায়। পরে ট্রাকের নিচে চাপা পড়া পারভেজ মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে, গতকাল মঙ্গলবার বিকেল ৫ টায় সুুলতানশী ঈদ গা মাঠে তার জানাযার নামাজ শেষে দাফন করা হয়। এর আগে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ নিহত পারভেজকে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) প্রদান করে।