স্টাফ রিপোর্টার ॥
চুনারুঘাট উপজেলার রঘুনন্দন রেঞ্জের বনাঞ্চল এবং দেউন্দি চা বাগান এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে মূল্যবান গাছ কেটে পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রভাবশালীদের নেতৃত্বে সংঘবদ্ধ একটি চক্র গভীর রাতে বন ও চা বাগানের বিভিন্ন স্থান থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে। এতে বনাঞ্চলের জীববৈচিত্র্য ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। জানা যায়, উপজেলার পাইকপাড়া ইউনিয়নের একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে দেউন্দি চা বাগান ও শালটিলা বন বিট এলাকায় গাছ কেটে পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, চক্রটি স্থানীয় কিছু দিনমজুর ও চা শ্রমিককে মজুরির ভিত্তিতে দিয়ে গভীর রাতে গাছ কাটিয়ে বিভিন্ন স্থানে সরিয়ে নেয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চা শ্রমিক জানান, দীর্ঘদিন ধরে রাতের আঁধারে গাছ কেটে সকালে বা সন্ধ্যায় বিভিন্ন যানবাহনে করে পাচার করা হচ্ছে।
অভিযোগ রয়েছে, এ কাজে প্রভাবশালী ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় থাকায় অনেকেই মুখ খুলতে ভয় পান। বন বিভাগের একাধিক সূত্রের দাবি, বনাঞ্চলে অভিযান পরিচালনার সময় বনরক্ষীরা প্রায়ই বাধার মুখে পড়েন। অভিযুক্তদের হাতে দেশীয় অস্ত্র থাকায় বনরক্ষী ও চা বাগানের পাহারাদারদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। ইতোপূর্বে কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু জামিনে বেরিয়ে এসে পুনরায় গাছ চুরির ব্যবসায় জড়িয়ে পড়ে।