স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন করতে একদল তরুণের উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। রোগী ও স্বজনদের জন্য হাসপাতাল প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে তরুণদের স্বেচ্ছাশ্রমের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।
তবে একই সঙ্গে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ একটি সরকারি প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা নিয়ে পৌরসভা, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃত্বের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয় পর্যায়ে দায়িত্বশীল প্রতিষ্ঠান ও নেতৃবৃন্দের সক্রিয় উদ্যোগ থাকলে এ ধরনের কাজে স্বেচ্ছাসেবীদের মাঠে নামতে হতো কি না এমন প্রশ্ন তুলেছেন অনেকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে এক স্থানীয় রাজনৈতিক কর্মী বলেন, মানুষের জন্য ভালো কাজ যে-ই করুক, তাকে সাধুবাদ জানানো উচিত। তরুণদের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে একই সঙ্গে স্থানীয় নেতৃত্ব ও দায়িত্বশীলদের নিজেদের ভূমিকা নিয়েও আত্মসমালোচনা করা প্রয়োজন।