নবীগঞ্জ প্রতিনিধি \
নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে একটি পাইপগানসহ রব্বান মিয়া (৪০) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ মার্চ) নবীগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে সোমবার দিবাগত রাতে আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। আটক রব্বান মিয়া (৪০) নবীগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামের মৃত মন্তাজ মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেনের সার্বিক দিকনির্দেশনায় পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার বসতঘর থেকে একটি পাইপগান, একটি প্লাস্টিকের লাল রঙের গুলির খোসা, কাঠের তৈরি একটি টি-টেবিলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন। অস্ত্রটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে লুকিয়ে রাখা হয়েছিল। গ্রেফতারকৃত রব্বান মিয়ার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, ‘অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’ এদিকে পুলিশের এই সফল অভিযানে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।