লাখাই প্রতিনিধি \ বামৈ টু ভায়া পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলার বুড়িশ্বর আঞ্চলিক সড়কে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে বিমল বিশ্বাস আধি (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে লাখাই উপজেলার বামৈ গ্রামের নারায়ণ শীলের পুত্র। সোমবার রাতে বুড়িশ্বরইটাখোলা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত বিমল বিশ্বাস আধি ওইদিন সন্ধ্যায় তার নিজ গ্রাম বামৈ থেকে এক প্রতিবেশীর সাথে পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলার বুড়িশ্বর নামক গ্রামে বিয়েতে বরযাত্রী যান। সেখান থেকে রাত রাত ১০টায় বিমল তার মোটর সাইকেল নিয়ে দ্রæতগতিতে ওই সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, বিমল বিশ্বাস প্রায় ১ বছর পূর্বে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খন্ডখালিন ওয়ার্ড বয় হিসেবে কাজ করে আসছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মা-বাবার আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে।