সুশীল চন্দ্র দাস, লাখাই \
লাখাইয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় (টমটম) যাত্রী ওঠানো নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ হয়েছে। এতে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার সিংহগ্রামের মাইজহাটি ও দাইরল এলাকাবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ইফতারের আগে বুল্লা বাজারে টমটমে (ব্যাটারিচালিত অটোরিকশা) যাত্রী ওঠানো নিয়ে দাইরল এলাকার চালক মিলন মিয়া এবং যাত্রী মাইজহাটির তৌহিদ তালুকদারের মধ্যে বাগবিতন্ডা হয়। এসময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এ খবর পেয়ে বাজারে থাকা উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে কমপক্ষে ১০ জন আহত হন। উক্ত ঘটনার জের ধরে গতকাল মঙ্গলবার দুপুরে উভয়পক্ষের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। থেমে থেমে প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িত দাঙ্গাবাজদের আইনের আওতায় আনা হবে।