হবিগঞ্জ শহরের বিভিন্ন সড়কে বিকট শব্দে মোটরসাইকেল চলাচল করছে। এতে করে রোজাদার, হার্টের রোগী এমনকি স্কুল-কলেজের শিক্ষার্থীরাও সমস্যায় পড়ছেন। বিকট শব্দের ফলে লেখাপড়াসহ দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে। অভিযোগ আছে, উঠতি বয়সের ছেলেরা সুজকি, জিকসার, আরওয়ান ফাইভ, এফজেড ফ্রেজার, পালসারসহ বিভিন্ন মোটর সাইকেলের সাইলেন্সার খুলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেবিষ্ট্যান্ড থেকে কলেজ হোস্টেল, ওই স্থান থেকে রামজয় মোদক পর্যন্ত একই সড়ক দিয়েই ঘন ঘন মোটর সাইকেল বিকট শব্দে চালিয়ে যাচ্ছে। কিন্তু এরপরও আইন শৃঙ্খলা বাহিনী এমনকি ট্রাফিক পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। ফলে দিন দিন তারা বেপরোয়া গতিতেই এসব মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের পেছনে এভাবে মোটর সাইকেল চালিয়ে যাওয়া হয়। রাজনগর ও কলেজ কোয়ার্টার এলাকার কয়েকজন বাসিন্দা জানান, রমজান মাসে এসব দানবরূপী মোটর সাইকেলের আওয়াজে বাসায় ঘুমাতে পারছেন না। এমনকি নামাজসহ বিভিন্ন কাজে সমস্যা হচ্ছে। এসব বখাটে মোটর সাইকেল আরোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।