বাহুবল প্রতিনিধি ॥
বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার মধুপুর চা বাগান ও তৎসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় হামিদনগর ও রাঘবপুর এলাকায় চা বাগান ও কৃষি জমি থেকে অবৈধভাবে উত্তোলিত বালু লোডিং করার সময় বালুসহ একটি ট্রাক জব্দ করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ট্রাকের চালককে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তি মুচলেকায় স্বাক্ষর করেন।
অভিযানটি পরিচালনা করেন বাহুবল উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল ইসলাম। এ সময় আনুমানিক ৪৫০ ঘনফুট বালু জব্দ করে উপজেলা পরিষদ চত্বরে সংরক্ষণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় বিজিবির একটি টিম সহযোগিতা প্রদান করে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষা ও সরকারি জমি সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।