স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে পাথরবাহী একটি গাড়ি থেকে অবৈধভাবে আমদানিকৃত ২ হাজার ৫২০ কেজি জিরা ও ২ হাজার পিস ভারতীয় প্রসাধনী জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ উপজেলার নসরতপুর রেলক্রসিং এলাকার মা ফিলিং স্টেশনের সামনে ঢাকা সিলেট মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাথরবোঝাই একটি গাড়িতে বিশেষ কৌশলে এসব পণ্য পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে জানায় পুলিশ। আটকরা হলেন, রাজশাহী জেলার বাগমারা উপজেলার কালিকাপুর এলাকার মো. সাহাবুর ইসলাম (৩০) এবং পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকার মো. ডাবলু সরদার (৫০)। তাদের কাছ থেকে পাথরবোঝাই গাড়িসহ পাচারকৃত জিরা ও প্রসাধনী জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।