স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জ-৩ (সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- ভোটের অধিকার আবারও আমাদের মধ্যে ফেরত এসেছে। তাই ভোট সেন্টারে সবাইকে যেতেই হবে। না হলে নিজে ঠকলেন, জাতিকে ঠকালেন। জনগণ এই দেশের মালিক। তাই মালিকানা প্রমাণের জন্য, মত প্রকাশের জন্য ভোট সেন্টারে যেতে হবে, পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে।
তিনি গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নে দিনভর লিফলেট বিতরণ, গণসংযোগ ও বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন।
জি কে গউছ আরও বলেন- বাংলাদেশের স্বাধীনতার জন্য ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে। ২ লাখ নারী ইজ্জত হারিয়েছে। পাকিস্তানী হানাদার বাহিনী নির্বিচারে পাখির মত মানুষকে হত্যা করেছে। স্বাধীনতার বিপক্ষে যারা ছিল তারাই আমাদের মা-বোনদের পাকহানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল, তারাই মুক্তিযোদ্ধাদের বাড়ি দেখিয়ে দিয়েছিল হত্যা করার জন্য। এগুলো হল ইতিহাস। যারা স্বাধীনতার বিপক্ষে ছিল তারা এখন দেশ শাসন করতে চায়। দেশের সাথে কার বন্ধুত্ব, দেশের সাথে কার শত্রুতামী, এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে ভোট দিতে হবে।
তিনি বলেন- আমাকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করলে জনগণ প্রতারিত হবে না। কারণ আমি কাজ করতে চাই, কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে থাকতে চাই। সারাদেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দেশের গণতন্ত্রকামি মানুষ এখন ঐক্যবদ্ধ।
জি কে গউছ বলেন- বিএনপি ক্ষমতায় গেলে মায়েদের সম্মানে ফ্যামিলি কার্ড দেয়া হবে। এই কার্ডের মাধ্যমে একজন ফ্যামেলী প্রধান নারী প্রতি মাসে চাল ডাল সহ দুই থেকে আড়াই হাজার টাকার খাদ্য সামগ্রী পাবেন। যার মাধ্যমে পরিবারগুলোতে স্বচ্ছলতা আসবে, নারীর নিরাপত্তা নিশ্চিত হবে, মর্যাদা বাড়বে এবং ক্ষমতায়ন হবে।
তিনি বলেন- বিএনপি ক্ষমতায় গিয়ে কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করবে। এই কার্ডের মাধ্যমে একজন কৃষক সার, বীজ, কিটনাশক সহ কৃষি উপকরণ পাবে। রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা পাবে। বিএনপি ১৯৯১ সালে ক্ষমতায় এসে ৫ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুপ করেছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুপ করা হবে।
জি কে গউছ বলেন- আমাকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করলে জনগণ প্রতারিত হবে না। কারণ আমি কাজ করতে চাই, কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে থাকতে চাই। সারাদেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দেশের গণতন্ত্রকামি মানুষ এখন ঐক্যবদ্ধ।
প্রচারণায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য মহিবুল ইসলাম শাহীন, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সহ সভাপতি এডভোকেট আফজাল হোসেন, গীরেন্দ্র চন্দ্র রায়, জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শিপন আহমেদ আছকির, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সহ সভাপতি আব্দুস শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া, ইদ্রিছ আলী, জাহাঙ্গীর মিয়া, মাওলানা সামছুল হক, জয়নাল আবেদিন, রাজিব মিয়া, সোহাগ মিয়া প্রমুখ।