আজমিরীগঞ্জে এডিপি বাস্তবায়নে অনিয়ম, এলজিইডি ও উপজেলা প্রশাসনের পাল্টাপাল্টি অভিযোগ
তারিখ: ১৯-এপ্রিল-২০২৬
আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥

কোনো প্রকল্প গ্রহণ না করে এবং নিয়ম অনুযায়ী ঠিকাদার নিয়োগ না দিয়েই উন্নয়ন কাজ সম্পন্ন করে সরকারি অর্থ তছরুপের অভিযোগ উঠেছে আজমিরীগঞ্জ উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র কর্মকর্তাদের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন ও এলজিইডির মধ্যে তৈরি হয়েছে পাল্টাপাল্টি অভিযোগের পরিস্থিতি।
অভিযোগ রয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় উপজেলা অফিসার্স ক্লাব থেকে হবিগঞ্জ-আজমিরীগঞ্জ সংযোগ সড়কের পিইসিসহ কিছু উন্নয়ন কাজ করা হয়। এসব কাজের জন্য প্রায় ৮ লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে। একই সঙ্গে উপজেলা হলরুমের সাউন্ড সিস্টেম স্থাপনে আরও প্রায় ৫ লাখ টাকা খরচ করা হয়।
অনুসন্ধানে জানা যায়, কাজগুলো বাস্তবায়নের দায়িত্বে ছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কিন্তু সরকারি বিধিমালা অনুযায়ী উন্মুক্ত দরপত্র বা কোটেশন আহ্বানের মাধ্যমে ঠিকাদার নিয়োগ দেওয়ার কথা থাকলেও তা করা হয়নি। বরং কোনো ঠিকাদার নিয়োগ ছাড়াই এলজিইডির সংশ্লিষ্টরা নিজেরাই প্রায় ১২ লাখ টাকার কাজ সম্পন্ন করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে কাজের গুণগত মান নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের ইট, বালু ও অন্যান্য নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘমেয়াদে টেকসই হবে না।
স্থানীয় বাসিন্দা রাইসুল মিয়া, সেন্টু মিয়াসহ একাধিক বাসিন্দারা জানান, গত মাস চারেক আগে স্থানীয় এলজিইডি অফিসের মো.সাকারিয়ার তত্বাবধানে এই কাজ করা হয়েছে। কোন ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ দেয়া ছাড়াই এ কাজ তারা নিজেরাই কিভাবে করে এটা বোধগম্য নয়। 
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী ইমাম হোসেন বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম বেআইনী প্রক্রিয়ায় কাজটি সম্পন্ন করতে চাপ প্রয়োগ করেছিলেন। কিন্তু আমি তাতে সম্মতি না দেওয়ায় অফিসের কার্য সহকারী সাকারিয়া কাজটি সম্পন্ন করেছেন।”
তবে কার্য সহকারী সাকারিয়া এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, “কাজগুলো যথাযথ নিয়ম মেনেই সম্পন্ন করা হয়েছে এবং এখানে কোনো অনিয়ম হয়নি।”
এদিকে, বেআইনী কাজে চাপ প্রয়োগের অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রেজাউল করিম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তিনি বলেন, “আমি এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জবাব দেবো, সাংবাদিকদের কাছে নয়।”

প্রথম পাতা