হবিগঞ্জ জেলা কারাগারের বন্দী মাদক মামলার আসামী মনজু মিয়া (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত দেড়টার দিকে জেলা সদর হাসপাতালে মারা যান। মৃত মনজু মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা আলীনগর এলাকার মৃত দলন মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার বিল্লাল হোসেন। তিনি জানান- চলতি বছর ২৬ মার্চ মবজু মিয়া মাদক মামলায় আটক হন। এরপর থেকে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে ছিলেন।
এদিকে, হবিগঞ্জের মাধবপুর থানায় আরেকটি মাদক মামলা থাকার কারণে চলতি মাসের ৮মে তাকে হবিগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়। হবিগঞ্জে আসার পর থেকেই মনজু মিয়া কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন থেকে হৃদরোগে ভূগছিলেন।
মঙ্গলবার রাত সাড়ে ১২টায় মনজু মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে সাথে সাথে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিল্লাল হোসেন আরও জানান- আইনী প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে পরিবারের কাছে মনজু মিয়ার মরদেহ হস্তান্তর করা হয়েছে।