স্টাফ রিপোর্টার ॥
আজমিরীগঞ্জে ইয়াবা বিক্রির সময় কথিত ৩ সাংবাদিকসহ ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, মাদক সেবনের সরঞ্জাম ও বিক্রির নগদ টাকা জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আজমিরীগঞ্জ পৌর গরুবাজার এলাকার ‘কালনী নিউজ’ নামের একটি অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযানে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং বিক্রির নগদ ৬ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। আটকরা হল- পৌর এলাকার শরীফনগর গ্রামের বাসিন্দা মৃত মানিক মিয়ার ছেলে ও ‘কালনী নিউজ’-এর কথিত সাংবাদিক লালন পারভেজ (৩২), একই এলাকার মৃত জ্যোতি মিয়ার ছেলে কথিত সাংবাদিক পরিচয়দানকারী জুমন মোড়ল (৩৫), ছাবু মিয়ার ছেলে আলমগীর মিয়া (৩৬), আজিমনগর (জুম্মাহাটী) এলাকার মৃত কদর আলীর ছেলে দিলোয়ার হোসেন (৩৩), আঙ্গুর মিয়ার ছেলে মাহফুজ মিয়া (৩২)।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকবর হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সারাদেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।