স্টাফ রিপোর্টার ॥
নবীগঞ্জ উপজেলার কৃতিসন্তান সৈয়দ ফাহিম আজিজ ইংল্যান্ডের নর্থামব্রিয়া ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অব সায়েন্স (অনার্স) ডিগ্রি কৃতিত্বের সঙ্গে অর্জন করেছেন। তিনি চলতি বছরের চূড়ান্ত পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করে বাংলাদেশ এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য গৌরব বয়ে এনেছেন। জানা যায়, সৈয়দ ফাহিম আজিজ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের ঐতিহ্যবাহী সৈয়দ পরিবারের সন্তান। তিনি বর্তমান কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক এবং সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, নবীগঞ্জ শহরের রাজা কমপ্লেক্সের স্বত্বাধিকারী সৈয়দ খালেদুর রহমান খালেদ ও সৈয়দ রুলেনা রহমানের মেজো ছেলে।
নর্থামব্রিয়া ইউনিভার্সিটি যুক্তরাজ্যের অন্যতম স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ববিদ্যালয়টি ‘মডার্ন ইউনিভার্সিটি অব দ্য ইয়ার’ স্বীকৃতি অর্জন করেছে। বিশ্বের ১৪০টিরও বেশি দেশের প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী এ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন।
সৈয়দ ফাহিম আজিজের এই সাফল্যে তাঁর পরিবার, স্বজন, শুভানুধ্যায়ী এবং নবীগঞ্জবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। তাঁর এ অর্জন দেশের তরুণ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সকলের কাছে দোয়া চেয়েছেন সৈয়দ ফাহিম আজিজ।