আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, ২ জনের অবস্থা আশঙ্কাজনক
তারিখ: ১৭-জুলাই-২০২৬
জাকারিয়া চৌধুরী ॥

আজমিরীগঞ্জে তিন মোটর সাইকেলের ত্রিমুখী ভয়াবহ সংঘর্ষে তিনজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের চন্দন দাসের ছেলে অন্তর দাস (২৫), বানিয়াচং উপজেলার আমিরখানী মহল্লার ফুল মিয়ার ছেলে তানভীর মিয়া (১৮) এবং একই মহল্লার নুরুল লস্করের ছেলে আবিদুল লস্কর (৩০)। আহতরা হল, চুনারুঘাট উপজেলার শেখেরগাঁও গ্রামের আব্দুস শহিদের ছেলে সাহিদুল ইসলাম বাচ্চু (৩৫) এবং একই উপজেলার গোছাপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. মিজান মিয়া (২৭)। তারা দুজনই ব্যুরো বাংলাদেশ নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) কর্মরত বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় জলসুখা ব্রিজ এলাকায় দ্রুতগতির তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তানভীর মিয়া নিহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত চারজনকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অন্তর দাস ও আবিদুল লস্করকে মৃত ঘোষণা করেন। এদিকে আহত সাহিদুল ইসলাম বাচ্চু ও মো. মিজান মিয়ার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকবর হোসেন জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে স্থানীয়রা বলছেন মোটরসাইকেলের গতি বেশি থাকার কারণেই এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।