স্টাফ রিপোর্টার ॥
শায়েস্তাগঞ্জ রেল ক্রসিংটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। লেভেল ক্রসিংয়ের দুই পাশের দুটি গেটের মধ্যে একটি দীর্ঘদিন ধরে নষ্ট থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। দ্রুত গেটটি মেরামত না করা হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ রেল ক্রসিং দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন ও পথচারী চলাচল করেন। কিন্তু ক্রসিংয়ের একটি গেট অচল থাকায় ট্রেন চলাচলের সময় যানবাহন নিয়ন্ত্রণে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। এতে অসতর্কতার কারণে কোনো যানবাহন রেললাইনের ওপর উঠে গেলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। প্রতিদিন ওই ক্রসিং দিয়ে ডজনখানে আন্তঃনগর ট্রেন ঢাকা-চট্টগ্রাম চলাচল করে।
কয়েকদিন আগে এই ক্রসিংয়েই গেট নামানো না থাকায় একটি সিএনজি অটোরিকশা রেললাইনের ওপর উঠে যায়। এ সময় ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন এগিয়ে আসছিল। পরে উপস্থিত লোকজন দ্রুত সিএনজি অটোরিকশাটি রেললাইন থেকে সরিয়ে নেন। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রী ও চালক।
স্থানীয় বাসিন্দারা জানান, রেল ক্রসিংয়ের গেটটি দ্রুত মেরামত করে কার্যকর করা জরুরি। পাশাপাশি ক্রসিংয়ে সার্বক্ষণিক দায়িত্বশীল কর্মী রাখারও দাবি জানিয়েছেন তারা। অন্যথায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।