নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিলে অংশ নেয়ার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার
তারিখ: ২-সেপ্টেম্বর-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজারে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে শাহ মো. এমরান (৩৯) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহ মো. এমরান হবিগঞ্জ সদর উপজেলার বাতাসার গ্রামের নবাব আলীর ছেলে। সে উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও ৬ নম্বর নিজামপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট সকাল ১০টার দিকে হবিগঞ্জ সদর থানাধীন ঘাটিয়া বাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে একটি মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে প্রথম সারিতে অংশগ্রহণকারীদের মধ্যে শাহ মো. এমরানও ছিলেন বলে পুলিশ জানায়। এ ঘটনায় তাকে শনাক্ত করার পর মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। ওই দিনই তাকে সন্ত্রাস বিরোধী আইনে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়। ওসি জাহিদুল হক জানান, অভিযান নিয়মিতভাবে চলবে।

প্রথম পাতা