চুনারুঘাটে অবৈধ করাতকলের ছড়াছড়ি ৭টি সিলগালা করে মামলা দায়ের’র নির্দেশ
তারিখ: ২-সেপ্টেম্বর-২০২৬
আব্দুর রাজ্জাক রাজু, চুনারুঘাট ॥

 বনাঞ্চল ঘেরা চুনারুঘাট উপজেলা। আর এই উপজেলার আনাছে কানাছে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ করাত কল। আর এসব করাত কলে কাটা ছেড়া করা হয় বনাঞ্চল থেকে পাচারকৃত ও চুরি করে আনা গাছ গাছালি। অভিযোগ রয়েছে- অনেক করাত কলের মালিকও গাছ পাচারের সঙ্গে যুক্ত। ফলে দিন দিন নিয়ন্ত্রনের বাহিরে চলে যাচ্ছে গাছ পাচার ও কাটাছেড়ার সঙ্গে যুক্ত চক্রটি। ফলে এবার অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানকালে ৭টি করাতকলের কোন ধরণের লাইসেন্স না থাকায়  সিলগালা করে কার্যক্রম বন্ধ করে দেয় ভ্রাম্যমান আদালত। এছাড়াও জব্দ করা হয়েছে কাঠ এবং করাতকলগুলোর বিভিন্ন যন্ত্রাংশ। 
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শানখলা বাজার ও আশপাশের এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্বদেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার ও সহকারি বন সংরক্ষক জয়নাল আবেদীন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়- অবৈধ করাত কল বন্ধে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও বন বিভাগ। এসময় লাইসেন্স বিহীন ৭টি করাত কল সিলগালা করে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। একই সঙ্গে অবৈধ করাত কল পরিচালনাকারিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও বন্ধ ঘোষণা করার পরেও কেউ যদি অবৈধ করাতকল সমূহে কোনো কার্যক্রম পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়।

প্রথম পাতা