আজমিরীগঞ্জ পৌর এলাকার মুন্সিহাটী গ্রাম সংলগ্ন দুই লাখ টাকার একটি টিআর কাবিখা সড়ক নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠছে। নাম মাত্র কয়েক ট্রলি মাটি ভরাট করে প্রকল্পের টাকা নয়-ছয় করার অভিযোগ স্থানীয়দের। সুত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থ বছরে টিআর কাবিখা প্রকল্পের আওতায় আজমিরীগঞ্জ পৌরসভার আজিমনগর মুন্সিহাটী সংলগ্ন ব্রীজের গোড়া থেকে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত মাটি ভরাটের কাজ শুরু করা হয়। প্রকল্পে ব্যয় ধরা হয় ১ লক্ষ ৯০ হাজার টাকা। কিন্তু যথা সময়ে কাজ সমাপ্ত না হওয়ায় গত জুন মাসে প্রকল্পের ১লক্ষ টাকা সরকারি কোষাগারে ফেরত যায়। বাকি ৯০ হাজার টাকার মাটি ভরাটের কথা থাকলেও নামমাত্র কয়েক হাজার টাকা মাটি ফেলে প্রকল্পের বাকি ৯০ হাজার টাকার উত্তোলন করে নেন প্রকল্প সভাপতি পৌর বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন মিয়া।
সরেজমিনে গিয়ে মাটি ভরাটের কোন কোন অস্তিত্ব পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ সড়কে নাম মাত্র কয়েক ট্রলি মাটি ভরাটের পর আর কোন মাটি ভরাটের কাজ হয়নি। তবে সরজমিনে তদন্ত করলেই বেড়িয়ে আসবে আসল কাহিনী। এ বিষয়ে প্রকল্প সভাপতি কুতুব উদ্দিন মিয়ার মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ৫৪ ট্রলি মাটি ভরাট করেছি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম বলেন, মাটি ভরাট করা হয়েছে কিন্তু বৃষ্টির তোড়ে মাটি ভেসে গেছে। যা কাজ হচ্ছে তার বিল দেয়া হয় কারণ আমরা তো টাকা পয়সা খাইনা।