শায়েস্তাগঞ্জের দাউদনগর সড়কে খানাখন্দ, ড্রেনেজ সংকটে জলাবদ্ধতা
তারিখ: ৮-সেপ্টেম্বর-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

শায়েস্তাগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দাউদনগর মহল্লায় দীর্ঘদিন ধরে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার নানা সমস্যায় দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে ছোট-বড় খানাখন্দ ও গর্ত। পাশাপাশি ড্রেনের পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টিতেই দেখা দিচ্ছে জলাবদ্ধতা। স্থানীয়দের অভিযোগ, এসব সমস্যা সমাধানের জন্য পৌর প্রশাসককে বারবার অবগত করার পরও কোনো উদ্যোগ পাওয়া যায়নি। দাউদনগর মহল্লা পুরাতন বটগাছতলা থেকে ছাওয়ালপীর মাজার শরিফ পর্যন্ত এবং মাছের ঘাটের পূর্ব পাশ থেকে পশ্চিম লেঞ্জাপাড়া মোড়সহ বিভিন্ন অলিগলির সড়কের পিচ উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বড় গর্ত তৈরি হওয়ায় যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। পথচারীদেরও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয়রা জানান, দাউদনগর মহল্লার অনেক সড়কে দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। নিম্নমানের নির্মাণকাজের কারণে কিছু সড়কের পিচ উঠে গিয়ে দ্রুতই বেহাল হয়ে পড়েছে বলে তাদের অভিযোগ। অন্যদিকে, মহল্লার বিভিন্ন স্থানে ড্রেন থাকলেও সেগুলোর পানি যথাযথভাবে নিষ্কাশন হচ্ছে না। কোথাও ড্রেন ভেঙে গেছে, আবার কোথাও ড্রেনেজ ব্যবস্থা অসম্পূর্ণ। ফলে বৃষ্টির পানি ও বাসাবাড়ির ময়লা পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। জমে থাকা পানিতে মশা-মাছির উপদ্রব ও দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে স্থানীয়দের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে অভিযোগ করেছেন তারা। দাউদনগর এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা ঐতিহ্যবাহী শাহ সৈয়দ হাসান উল্লাহ ওরফে সৈয়দ নাছির (রহ.) প্রকাশ ছাওয়ালপীর (রহ.) মাজার শরিফ। স্থানীয়দের দাবি, প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ মাজারে জিয়ারত করতে আসেন। কিন্তু বেহাল সড়ক ও জলাবদ্ধতার কারণে দর্শনার্থীদেরও দুর্ভোগে পড়তে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, দাউদনগরের এসব সড়ক দিয়ে অটোরিকশা, সিএনজি, ইজিবাইক, মোটরসাইকেল, নোহা, প্রাইভেটকার, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। সড়কের খানাখন্দের কারণে যানবাহন চলাচল যেমন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, তেমনি বৃষ্টির সময় জলাবদ্ধতায় পরিস্থিতি আরও খারাপ হয়। তাদের অভিযোগ, পৌরসভায় রাস্তা ও ড্রেন সংস্কারের জন্য বিভিন্ন সময়ে বরাদ্দ এলেও দাউদনগর মহল্লার গুরুত্বপূর্ণ সড়ক ও ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে।
একাধিক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে সমস্যাগুলো নিয়ে সংশ্লিষ্টদের অবগত করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত সড়ক সংস্কার ও পানি নিষ্কাশনের জন্য ড্রেনগুলো পুনর্র্নিমাণ বা সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের প্রত্যাশা, শায়েস্তাগঞ্জ পৌর প্রশাসক সরেজমিনে এলাকা পরিদর্শন করে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। একই সঙ্গে দাউদনগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো টেকসইভাবে সংস্কার এবং পানি নিষ্কাশনের জন্য পূর্ণাঙ্গ ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন তারা।