আজমিরীগঞ্জে ব্যবসায়ীর ওপর হামলা ২ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
তারিখ: ১৬-সেপ্টেম্বর-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

আজমিরীগঞ্জে সুধাংশু দেব নামে এক ব্যবসায়ীর ওপর হামলা করে ২ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত রবিবার রাত ৯টার দিকে উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ পইরল গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, শিবপাশা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুধাংশু দেব রাতে নিজ বাড়িতে ফেরার পথে বাড়ির ওঠার রাস্তার মধ্যে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। পরে তার সঙ্গে থাকা ২ লাখ ৭০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। হামলায় গুরুতর আহত সুধাংশু দেবকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, ফইরল গ্রামে এ ধরনের ঘটনা আগে তেমন ঘটেনি। ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। হামলার ধরন ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় এটি পূর্বপরিকল্পিত হতে পারে বলে স্থানীয়দের কেউ কেউ ধারণা  করছেন। তবে হামলার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর হোসেন বলেন, “বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ দ্রুত তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

প্রথম পাতা