৮৫ কেজি গাজা নিয়ে মাধবপুরের মাদক কারবারিসহ গ্রেফতার ৩
তারিখ: ১৬-সেপ্টেম্বর-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৮৫ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কার্গো ট্রাক জব্দ করা হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের রাজাবাড়ীয়াকান্দি এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কের শাহবাজপুর ব্রিজের পূর্ব পাশে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব-৯-এর সদর কোম্পানি, সিলেট; সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ এবং সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার যৌথ অভিযানে তাদের আটক করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন রাজশাহীর তানোর উপজেলার শ্রীখন্ডা গ্রামের ইব্রাহিম মোল্লা (৪২), দামকুড়া থানার নতুন কসবা এলাকার মোরশালিন ওরফে রঞ্জু (১৯) এবং মাধবপুর উপজেলার জলবাংগা গ্রামের শাকিব মিয়া (২০)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় নীল-হলুদ রঙের একটি কার্গো ট্রাক থামানো হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকের পেছনের বডি থেকে ছয়টি বস্তায় রাখা ১৭ বান্ডিলে মোট ৮৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছে, তারা ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছিল।
র‌্যাব-৯ জানায়, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে তাদের ও জব্দ করা আলামত সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রথম পাতা